গণ–আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমে কাঠামোগত পরিবর্তনের আহ্বান তথ্যমন্ত্রীর

ঢাকা

সোমবার

১৭ আগস্ট ২০২৬ ইং

২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জনগণের প্রত্যাশা ও মতামতের যথাযথ প্রতিফলন ঘটাতে দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

সোমবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ‘গণমাধ্যম, গণ–আকাঙ্ক্ষা ও জুলাই গণ–অভ্যুত্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ডিজিটাল পরিবর্তন বদলে দিয়েছে গণমাধ্যম

 

তথ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট ডিভাইসের বিস্তারের ফলে মানুষের যোগাযোগ ও তথ্য গ্রহণের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত দুই দশকে প্রযুক্তিগত রূপান্তরের গতি অতীতের দীর্ঘ সময়ের সামাজিক পরিবর্তনকেও ছাড়িয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

 

তাঁর মতে, একসময় সরকার নিয়ন্ত্রিত বা নিবন্ধিত গণমাধ্যমের বক্তব্যকেই জনমতের প্রধান প্রতিফলন হিসেবে দেখা হতো। এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্রযুক্তির কারণে সাধারণ মানুষও সরাসরি নিজের মতামত প্রকাশ করতে পারছেন। ফলে গণমাধ্যমের সামনে জনগণের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষাকে যথাযথভাবে ধারণ করার নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

 

পুরোনো কাঠামোয় নতুন বাস্তবতা সামলানো কঠিন

 

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ টেলিভিশন ও রেডিওর মতো প্রতিষ্ঠানগুলোর বর্তমান কাঠামো মূলত ইন্টারনেট ও স্মার্ট ডিভাইসের ব্যাপক বিস্তারের আগের সময়ে গড়ে উঠেছিল।

 

পরিবর্তিত বাস্তবতায় এসব প্রতিষ্ঠানের দর্শক ও শ্রোতাদের চাহিদা, ক্লাউড প্রযুক্তির ব্যবহার এবং নতুন ধরনের গণমাধ্যম চ্যালেঞ্জগুলো গভীরভাবে বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি বলে তিনি মনে করেন।

 

প্রযুক্তির সঙ্গে দক্ষতার সমন্বয় জরুরি

 

জনগণের আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে কার্যকরভাবে রূপ দিতে বিশেষজ্ঞ জ্ঞান, উপযুক্ত প্রযুক্তি এবং দক্ষ জনবলের সমন্বিত ব্যবহার প্রয়োজন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

 

তিনি বলেন, শুধু প্রযুক্তি যুক্ত করলেই হবে না; পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও কর্মপদ্ধতিকেও নতুন করে সাজাতে হবে।

 

নীতিনির্ধারণে সেমিনারের প্রস্তাব বিবেচনার আশ্বাস

 

সেমিনারে উপস্থাপিত বিভিন্ন আলোচনা ও প্রস্তাবকে সরকারের নীতিনির্ধারণী রোডম্যাপ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন জহির উদ্দিন স্বপন।

 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে সরকারি কর্ম কমিশনের সদস্য সায়মা ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীসহ গণমাধ্যম গবেষক, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ