একদিনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকা

শুক্রবার

১৬ অক্টোবর ২০২৬ ইং

১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

একদিনে দেশের তিনটি বিভাগ সফরের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন তিনি। একই সফরে রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তাঁর।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, এ সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রস্তুতি শুরু হয়েছে।

 

প্রথমে রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন

 

২০ অক্টোবর সামরিক বিমানে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি রংপুরের ধর্মসভা, অর্থাৎ রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

 

এরপর সৈয়দপুর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

 

রাজশাহীতে জনসভায় বক্তব্য

 

রাজশাহীতে সফরকালে সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

 

জনসভা শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

 

সন্ধ্যায় চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন

 

সফরের শেষ পর্যায়ে চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

 

নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার

 

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং দুর্গাপূজা উদযাপন সামনে রেখে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

 

সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

 

তারারদেশ নিউজ