উদ্যোক্তা-গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
ঢাকা
শনিবার
১২ সেপ্টেম্বর ২০২৬ ইং
২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ| তারারদেশ নিউজ:
সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষকদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহযোগিতায় সরকার সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণিতে নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সবাইকে নিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ার আহ্বান
প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচালনায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি এমন একটি রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর তাগিদ
দেশের সামগ্রিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সরকারের বর্তমান প্রয়োজন মেটাতে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আগের বক্তাদের বক্তব্য ও উদ্ভাবন নিয়ে তাদের উপস্থাপনার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব আলোচনা আগামী দিনের কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা গেলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
উদ্বোধন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার
পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক এবং বিভিন্ন পর্যায়ের গবেষকরা উপস্থিত ছিলেন।
তারারদেশ নিউজ