আগামী ১২ মাসে বাংলাদেশে এআই ডেটা সেন্টার চালুর পরিকল্পনা

ঢাকা

রবিবার

১১ অক্টোবর ২০২৬ ইং

২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

বাংলাদেশে আগামী ১২ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে জাপানের বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। পাশাপাশি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাও উঠে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদলের বৈঠকে।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি প্রতিনিধিদলের বৈঠক

 

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি জানান।

 

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং নতুন নতুন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

 

তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ সময় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি করপোরেশনকে স্বাগত জানান তিনি।

 

বৈঠকে দেশের প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা উঠে আসে।

 

সার উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা

 

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনি করপোরেশনের বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে বাংলাদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহ দেখিয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব।

 

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আশা

 

বাংলাদেশের সঙ্গে মারুবেনি করপোরেশনের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

 

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

 

তারারদেশ নিউজ