খাগড়াছড়িতে বিএনপি মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সু-চিকিৎসা, দেশের মানুষের ভোটের অধিকারের জন্য নেতাকর্মীদের সকল আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার খাগড়াছড়ি জেলা শহরের বৈঠক বাগানে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সংসদের কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট শাহানা আক্তার সানু।
খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-প্রচার সম্পাদক লুৎফা খাতুন স্বপ্না।

সম্মেলন শেষে কুহেলী দেওয়ানকে সভাপতি ও শাহেনা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের খাগড়াছড়ি জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।




বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ, দুই শিশু আহত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা দক্ষিণপাড়ায় বোমার বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি (৭) নামের দুই শিশু আহত হয়েছে। এদের মধ্যে ফাহাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে টেংরা দক্ষিণপাড়ার একটি আমবাগানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ফাহাদ কাঠুরিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং শায়ন্তি একই গ্রামের পিন্টুর মেয়ে। তারা এই গ্রামে বেড়াতে এসেছিল।

আহত শায়ন্তি জানায়, আব্দুর রহিমের আমবাগামে খেলা করার সময় তারা একটি বাজার করার প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে। ফাহাদ ব্যাগটির ভেতর থেকে টেপ দিয়ে প্যাঁচানো বলের মতো দুইটা কৌটা বের করে। একটির টেপ খোলা শুরু করতেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ও সেখান থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।




নাসির-তামিমার সংসারে আসছে নতুন অতিথি

বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির হোসেন। তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী ৬ মাসের প্রেগন্যান্ট। সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতে উপস্থিত হয়ে এই তথ্য নিজেই জানিয়েছেন তামিমা।

এছাড়া সাংবাদিকদের এই তথ্যের ব্যাপারে নিশ্চিত করেছেন মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান।

তিনি বলেন, তামিমা সুলতানা দাবি করছেন যে উনি ৬ মাসের প্রেগন্যান্ট। সেটা যেহেতু ফিরিস্তি করে দেয়নি এবং আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো কপি সার্ভ করেনি তাই এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো মন্তব্য করছি না।’

এদিন ‘অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া’, ‘ব্যভিচার’ ও ‘মানহানি’র অভিযোগে দায়ের হওয়া মামলায় পূর্ব শর্তে জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজন। আরেক আসামি হলেন-তামিমার মা সুমি আক্তার। সোমবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত।




তাহলে কোথায় গেলেন ডা.মুরাদ?

বৃহস্পতিবার রাত ১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। সবকিছু ঠিক থাকলে শুক্রবার রাত ১০ টা থেকে ১১টার মধ্যে তার কানাডায় প্রবেশ করার কথা। কিন্তু কানাডা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল ‘নতুন দেশ’ বলছে ভিন্ন কথা।

প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর সম্পাদিত অনলাইনটি দাবি করেছে, ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেন। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয় বলে জানা গেছে।
কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১.৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশের একটি বিমানে উঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা গেলেও প্রবাসী একটি সূত্রের দাবি, মুরাদ হাসান বর্তমানে মন্ট্রিয়লে অবস্থান করছেন। আরেকটি সূত্রের দাবি, তিনি হয়তো ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সেই দেশে পৌঁছে গেছেন।

অন্যদিকে, আজ শনিবার দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ডা. মুরাদ ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা।

ডা. মুরাদকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হয়নি? কেন তাকে টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি?

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মুরাদ হাসানকে কেন কানাডায় ঢুকতে দেওয়া হলো না, এ বিষয়ে এখনও কিছু জানি না আমরা। না জেনে এ বিষয়ে কথা বলতে পারব না।’




রাজধানীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

রাজধানীর স্বামীবাগে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার বিকাল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বাড়িটিতে র‍্যাবের সদস্যরা প্রবেশ করে নিশ্চিত হতে পারবে সেখানে কিছু আছে কি না।




র‌্যাব সদর দপ্তরে নেওয়া হলো নায়ক ইমনকে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করছে র‍্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে র‍্যাব সদরদপ্তরে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।




কাল লাল কার্ড নিয়ে নামবেন শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থানকারী শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছেন। তবে আগামীকাল শনিবারের কর্মসূচি ঘোষণা করেছেন তারা। সড়কের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় রামপুরা ব্রিজ এলাকায় লাল কার্ড প্রদর্শন করবেন তারা।

এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়ার নেতৃত্বে রামপুরা ব্রিজে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অবস্থান নেন। তারা রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশের দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের এই অবস্থানকে কেন্দ্র করে রামপুরা ও হাতিরঝিল থানার পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য।




সিলেবাস কমানোর দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাসে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে ঢাকার সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেন তারা।

এসময় আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমিন ক্যাডেট একাডেমি, এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল, মাতাব্বর মুজিব স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মহামারি করোনা ভাইরাসের কারণে এসএসসি ২০২২-এর ব্যাচের শিক্ষার্থীরা তেমন পড়াশোনা সুযোগ পায়নি। ইতিমধ্যেই তাদের সিলেবাসে ৩০ পারসেন্ট কমানো হয়েছে। যা অল্প সময়ে পড়াশোনা করে শেষ করা অসম্ভব। তাই সিলেবাসে ৭০ পারসেন্ট কমিয়ে ৩০ পারসেন্ট করার দাবিতে তারা মহাসড়ক বন্ধ করে দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে।

বিক্ষোভ চলাকানীন ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দিলে প্রায় ৩০ মিনিট পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে।




৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন নটরডেমের শিক্ষার্থীরা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে বিচার না হলে আগামী রবিবার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টা নাগাদ তারা তাদের দাবি জানিয়ে গুলিস্তান ও মতিঝিলের সড়ক ছেড়ে চলে যান। তবে দীর্ঘ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় ওইসব এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।

এদিন বেলা ১১টা ১৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা কলেজের সামনে জড়ো হন। এরপর সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় শিক্ষার্থীরা, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’-সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এর আগে, বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসান (১৮) হাসান নিহত হন।

এ ঘটনায় গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাসেল খান (২৭)। শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া গাড়িটিও জব্দ করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহতের বাবা শাহ আলম।