পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু

২৮অক্টোবর, ২০২১ ইং,
১৮কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
নিজস্ব প্রতিবদেক:
পাবনায় দুর্ঘটনার ৫ ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, সকাল ৬টার দিকে পাবনা-রাজশাহী রুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় পৌনে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেনটি ঢালারচরের উদ্দেশে ছেড়ে গেছে বলেও জানান তিনি।
সদর থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাক সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হলেও ট্রেনটি ছেড়ে যাওয়ার পর এখন আর যানজট নেই। দুর্ঘটনায় দুমড়েমুছড়ে যাওয়া ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে রাস্তার পাশে নেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার পরই বিকল্প ইঞ্জিন লাগিয়ে চালানোর ব্যবস্থা করা হয়েছে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।




১৯টি যানবাহনসহ পদ্মা নদীতে ফেরি ডুবি

২৭ অক্টোবর, ২০২১ ইং,
১১কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,

স্থানীয় সংবাদদাতা:

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ১৯টি যানবাহনসহ ডুবে গেছে। ২৭ অক্টোবর বুধবার, সকালে ৫নং ঘাটে এ ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নোঙর করে আমানত শাহ নামের বড় আকারের রো রো ফেরিটি। এরপর ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামতেই ফেরিটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যানবাহনের চালক, হেলপার ও দুটি প্রাইভেটকারসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল ফেরিতে। ফেরিটি ডুবে যাওয়ার সময় ২০ থেকে ২৫ জন মানুষ তৎক্ষণাৎ সাঁতরে নিরাপদে কূলে উঠে আসতে সক্ষম হন।

এ দিকে, ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী ফেরি ‘হামজা’। তবে উদ্ধার কাজের জন্য আরও একটি ফেরি নারায়ণগঞ্জ থেকে আসছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে।

কুষ্টিয়া থেকে ফেরিতে আসা মোটরসাইকেল আরোহী মোহাম্মদ সুজন বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে হঠাৎ ফেরিতে পানি ঢুকতে শুরু করে, এ সময় ফেরি কিছুটা কাত হয়ে যায়। এরপর ফেরিটি ৫ নম্বর ঘাটে আসামাত্রই তলিয়ে যেতে থাকে। এ সময় ফেরিতে থাকা গাড়িগুলো একটি অন্যটির সাথে ধাক্কা খেতে শুরু করে। পরে ভয়ে আমি মোটরসাইকেল রেখে ফেরি থেকে নদীতে ঝাপ দেই। অনেকেই ফেরি থেকে ঝাপ দেওয়ার সময়ও পায়নি। কোনোকিছু বুঝে উঠার আগেই ফেরিটি তলিয়ে যায়। গড়াগড়ি খেয়ে অনেকেই গাড়ির নিচে চাপা পড়ে, ততক্ষণে ফেরিটি ডুবে যায়।

এ দিকে, ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ঘাট এলাকা পর্যবেক্ষণ করছেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হককে আহ্বায়ক করে মোট ৪ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।




মেয়র আতিকুলের পদে থাকা চ্যালেঞ্জ করে রিট

২৬ অক্টোবর, ২০২১ ইং,
১০কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
জেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও বিজয় সরণি এলাকায় জমি দখলের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের পদে থাকা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। রিটে রুল জারির আর্জি জানানো হয়েছে। এছাড়া আর্জিতে আরও জানানো হয়েছে ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি যেন মেয়র পদে থাকতে না পারেন সে ।

রাজধানীর অধিবাসী মোহম্মদ আবদুরের পক্ষে মঙ্গলবার (২৬ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন




১১ দিন পরে সেই বৃদ্ধ মা-কে নিজ বাড়িতে নিলেন ছেলেরা

২৬ অক্টোবর, ২০২১ ইং,
১০কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
ঢাকার ধামরাইয়ে রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত সেই বৃদ্ধ মাকে বাধ্য হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকারসহ সু-প্রতিষ্ঠিত সন্তানেরা আশ্রয়স্থল থেকে ঘরে তুলেছেন। গতকাল সোমবার বিকালে পুলিশের ভয়ে বৃদ্ধার তিন ছেলে এসে তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ সময় বৃদ্ধ মা কান্নায় ভেঙ্গে পড়েন।

জানা গেছে, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে বৃদ্ধ মরিয়ম বেগমের আট সন্তানের মধ্যে বড় ছেলে আক্তার হোসেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। অন্য ছেলেদের মধ্যে আবদুল্লাহ বাকী ব্যবসায়ী, সাখাওয়াত হোসেন সাকি গার্মেন্ট ব্যবসায়ী, ছোট ছেলে ডাক্তার হুমায়ূন কবির শিশু বিশেষজ্ঞ (বিসিএস), জাহাঙ্গীর হোসেন ব্যবসায়ী এবং আলমগীর হোসেন প্রবাসী।

প্রবাসী আলমগীর হোসেন ছাড়া অন্য পাঁচ ছেলে তাদের পরিবার নিয়ে থাকেন ঢাকায়। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তাদের অবস্থাও মোটামুটি ভাল। কারো সংসারে অভাব অনটন নেই। শুধু বৃদ্ধ মাকে ভরণপোষণ করতে যেন তাদের অভাবের শেষ নেই। প্রত্যেকের ঘরেই আছে শান্তির সুবাতাস। খেয়ে না খেয়ে বিনা চিকিৎসায় দিনাতিপাত করছেন এই শতবর্ষী মরিয়ম বেগম। ক্ষুধার যন্ত্রনায় ছটফট করেন প্রতিনিয়ত। কোনো ছেলে কিংবা মেয়ের ঘরে আশ্রয় হয়নি শতবর্ষী মরিয়ম বেগমের।
কয়েকদিন আগে নিজ বাড়ি থেকে একা একা বের হন মরিয়ম। বৃদ্ধা মরিয়ম বয়সের ভারে ন্যুব্জ হলেও বাড়ি থেকে বের হয়ে বঙ্গবাজারের পাশে রাস্তায় পড়ে গিয়ে হাতে আঘাত পান। পরে ছেলে-মেয়েরা খবর না রাখায় গ্রামবাসী তাকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে স্থানীয় আব্দুল লতিফের বাড়িতে নিয়ে যান। আব্দুল লতিফ তাকে সেবা ও চিকিৎসা করান।

এ ঘটনা নিয়ে সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে পুলিশসহ প্রশাসনের নজরে আসে। পুলিশ আশ্রয়স্থল আব্দুল লতিফ মিয়ার বাড়িতে যান এবং ঘটনার সত্যতা পান। এ খবর পেয়ে বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর কবির, ডাক্তার হুমায়ন কবির ও আলমগীর কবির সোমবার বিকালে আব্দুল লতিফ মিয়ার বাড়িতে গিয়ে মাকে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এসময় মা সন্তানদের দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ ব্যাপারে আশ্রয়দাতা আব্দুল লতিফ জানান, আমি বৃদ্ধা মরিয়ম বেগমকে উদ্ধার করে আমার বাড়িতে রেখে মায়ের মত সেবা যত্ন করেছি। দীর্ঘ ১১ দিন পর গতকাল সোমবার বিকালে তার তিন সন্তান আমার বাড়িতে এসে তার মাকে নিজ বাড়িতে নিয়ে যান।




বালুর গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু!

শুক্রবার,
০২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ,
১৭ সেপ্টেম্বর ২০২১ইং।

মিঠুন দত্ত :
অভয়নগর উপজেলায় মশরহাটী গ্রামের বালুর গর্তের পানিতে পড়ে ছয় বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম আশা খাতুন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে একটি বালুর গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু হয়। আশা খাতুন অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের মানিক শেখের মেয়ে।
সে উপজেলার আহম্মদ আলী সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। প্রতিবেশী মোশাররফ হোসেন জানান, উপজেলার মশরহাটী গ্রামের মধ্যে এক বালু ব্যবসায়ী ভৈরব নদ খননের বালু স্তুপ করে রেখেছিলেন। তিনি সেখান থেকে বালু অন্যত্র বিক্রি করেছেন। এজন্য ওই জায়গাটা গর্ত হয়ে আছে। গত দুইদিন আগে বৃষ্টির পানিতে গর্তটি ভরে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেখানে আশা এবং আরও দুটি শিশু খেলছিল। দুপুর দেড়টার দিকে আশা পানিতে ডুবে যায়। অপর শিশু দুটি দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। এরপর এলাকাবাসীদের সহযোগিতায় গর্তের পানি থেকে ভাসমান অবস্থায় আশাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
যাওয়া হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হক শুভ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার
আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটির বাবা মানিক শেখ বলেন, বালু ব্যবসায়ীর তৈরি করা গর্তের পানিতে ডুবে আমার মেয়ে আজ চলে গেলো। যখন বালু ব্যবসা শুরু করা
হয় তখন অমরা এর বিরোধিতা করেছিলাম। স্থানীয় জনপ্রতিনিধি ও ওই বালু ব্যবসায়ী কোনো দুর্ঘটনা ঘটবে না বলে আমাদের আশ্বস্ত করেছিলেন। আমার মেয়ে আজ সেই গর্তেই ডুবে মারা গেছে। কে আমার মেয়ের মৃত্যুর দায় নেবে?




প্রতিদিন চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে।

বুধবার,
৩১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ,
১৫ সেপ্টেম্বর ২০২১ইং।
বিশেষ প্রতিনিধি:

১৯ সেপ্টেম্বর রোববার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

১৫ সেপ্টেম্বর বুধবার, রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপ-প্রধান তথ্য অফিসার) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানান।

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সিএনজি স্টেশন মালিকদের আপত্তির মুখে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসলো।

গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ‘বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে’ বলে সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ১৩ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সিএনজি স্টেশন মালিকদের আপত্তির মুখে ওই দিন বিকেলেই সিদ্ধান্ত কার্যকরের তারিখ থেকে সরে আসে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।




কুমিল্লায় ট্রেনেরবগি লাইনচ্যুত,৭ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক।

২৯ আগস্ট ২০২১ইং রোববার,
১৪ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ।
স্থানিয় প্রতিনিধি:

কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার দিনগত(২৯ আগস্ট ০২:০০ এ এম) রাত ২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২৯ আগস্ট রোববার, সকাল ৯টার দিকে লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কুমিল্লা স্টেশনে সিলেটে থেকে ছেড়ে চট্টগ্রামগামী উদায়ন এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে। সাত ঘণ্টার পর রেল যোগাযোগ স্বাভাবিক হলে এগুলো ছেড়ে যায়।




ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ২১।

২৮ আগস্ট ২০২১ইং শনিবার,
১৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ।
স্থানীয় সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

২৭ আগস্ট শুক্রবার, বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. আনিসুর রহমান ২১ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রানে বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে ট্রলারটি। নৌকায় করে আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে আমাদের ট্রলারটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির এখনও সন্ধান পাইনি।




সারাদেশে করোনায় আরও ২৪১ জনের মৃত্যু ।

০৮ আগস্ট রোববার,২০২১ইং,
২৪ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ।

শেখ সাজ্জাদ সদয়:

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২২ হাজার ৬৫২ জন।

৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১০ হাজার ২৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন।

৮ আগস্ট রোববার, বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ০৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১০৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৩০ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের ৬ জন।




ভৈরব সেতু সংলগ্ন ড্রেন ও ল্যাম্পপোস্ট অকেজো,দেড়শতাধিক পরিবারের দুর্ভোগ।

০৬ আগস্ট শুক্রবার, ২০২১ইং,
২২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ।

মিঠুন দত্ত :
অভয়নগর,যশোর:

যশোরের অভয়নগরে ভৈরব সেতুসংলগ্ন মশরহাটি এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেতু বরাবর নির্মিত পানি নিষ্কাশনের ড্রেন ও ভৈরব ব্রিজের ল্যাম্পপোস্ট।

জানা গেছে,সেতু নির্মানের সময় ড্রেনে কনস্ট্রাকশনের অনেক ময়লা ড্রেনটিতে পড়ে ভরাট হয়ে যায়। যার সঠিক ব্যবস্থাাপনা করা হয়নি। যার জন্য সামান্যবৃষ্টিতেই এলাকায় দেখা যায় জলাবদ্ধতা। আর ব্রীজের ল্যাম্পগুলোর অধিকাংশ নষ্ট হয়ে যাওয়ায় ব্রীজের উপর সন্ধারপর ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

গত ২২ নভেম্বর ২০২০ইং তারিখে অভয়নগরের মানুষের কাঙ্খিত ভৈরব সেতু উদ্বোধন হয়। সেতুর নিচে ওয়াক ওয়ের পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয় ড্রেন। যার দৈর্ঘ্য ৩৫০ মিটার, গভীরতা ৫ ফিট আর প্রসস্থা দুই ফিট। আজ সেই ড্রেনটি হয়েছে এলাকাবাসীর কাল হয়ে দাড়িয়েছে। গতকাল বুধবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত ড্রেনটির ভিতর কনস্ট্রাকশনের বালু, সিমেন্ট, ইট পড়ে ভরে আছে। এছাড়া বিভিন্ন ময়লা পড়ে অকেজো হয়ে পড়ে রয়েছে। ভৈরব নদে মেশার আগেই কাজ শেষ করা হয়েছে। প্রায় দুইশত মিটার এলাকায় ড্রেন নেই।

ব্রিজসংলগ্ন উপজেলার মশরহাটি গ্রামের মো: এশারত আলি বিশ্বাস দিনবদল নিউজকে জানান, ভৈরব ব্রিজের সাথে পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন করা হয়েছে তা দিয়ে পানি সরছে না। কারণ সেতু তৈরি হওয়ার পর ড্রেনে কনস্ট্রাকশনের অনেক ময়লা ড্রেনটিতে পড়ে ছিল। যার সঠিক ব্যবস্থাাপনা না করায় সামান্য বৃষ্টিতেই দেড়শতাধিক বাড়িঘরে পানি উঠে যাচ্ছে। তা আর সাতআট দিনে সরছে না। এতে করে ডেঙ্গু মশার উৎপত্তি বাড়েছে তার পাশাপাশি দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। যাতে করে আমাদের চরম র্দর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকার বাসিন্দা আজহার লস্কর জানান, এই দুর্ভোগের বিষযটি ২ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াদুদ শেখকে জানালে তিনি বলেন ড্রেন পরিস্কার করা আমার দায়িত্ব না, আমি পারলে মশার ওষুধ দিয়ে যাব। তিনি আরো জানান, ব্রিজ উদ্বোধনের কিছুদিনের মধ্যেই ব্রিজের ৬০ ল্যাম্প পোষ্টের মধ্যে অধিকাংশই অকেজো হয়ে পড়ে যার কারণে রাতে প্রায়ই ব্রিজের উপর ছিনতায়ের ঘটনা ঘটে।

এলাকার পৌর কাউন্সিলর আঃ গাফফার বিশ্বাস বলেন, ল্যাম্পপোস্ট ও ড্রেনটি আমার এলাকায় হলেও ড্রেন পরিস্কার ও ল্যাম্পগুলো মেরামতের দায়িত্ব এলজিডির। আমি দ্রুত এ ব্যাপারে সংশ্লিষ্ট অফিসে অভিযোগ দেব। এ বিষয়ে ব্রিজ নির্মাণকারী প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল হাইয়ের কাছে জানতে চাইলে তিনি জানান, ল্যাম্প পোস্টলো অকেজো হয়েছে কথাটি সত্য। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি তারা ব্যবস্থাা করবেন বলেছেন।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শ্যামল কুমার বসু বলেন, ড্রেন পরিষ্কার করার দায়িত্ব ব্যবহারকারীদের। ওখানে ব্যবসায়ীরা ট্রাকের বালু ও মাটি ফেলে ড্রেন ভরাট করে ফেলছে। আমাদের জনবল নাই। আর ল্যাম্পগুলো দেখার দায়িত্ব আমাদের হলেও আমরা টাকার অভাবে এখনও পর্যন্ত কারেন্টবিল শোধ করতে পারিনি। আমাদের কাছে বরাদ্দও নেই। ফলে আমরা এগুলো সংস্কার করতে পারিনি। বরাদ্দ পেলে ঠিক করে দেব।