কমবে তাপমাত্রা,বাড়তে পারে কুয়াশা

আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। আজ সোমবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

আবাহওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।




সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, রাজধানীতে শীতের আমেজ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে গেলেও স্বাভাবিক মৌসুমী লঘুচাপে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এর ফলে কয়েকদিনের গরম ভাব কেটে গেছে। সকালের বৃষ্টির ফলে শীতের আমেজ বিরাজ করছে।

আবহাওয়া অফিস জানায়, মেঘলা আবহাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। শনিবার কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মেঘ কেটে গেলে কয়েকদিন পর রোদেলা ও শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা কমবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ হিসেবে উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি গুরুত্ব হারাবে।




ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা!

ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই যাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গাড়ির চালক মো. হাসান ও হেলপার মো. আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলভ বলেন, তর্কাতর্কির জেরে শুক্রবার রাতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠার পর চালক-হেলপারকে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী যাত্রী সুস্থ হলে তার কাছ থেকেও ঘটনা সম্পর্কে জানা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




এসএসসি-দাখিল পরীক্ষা চলাকালে ডিএমপির নিষেধাজ্ঞা

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
২৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ
এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে আগামী রবিবার। এই পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে।

ডিএমপি জানায়, রবিবার সারাদেশে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।




কুড়িগ্রামে নৈশকোচের চাপায় ৪ জন নিহত

শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
২৭ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঢাকাগামী নৈশকোচের চাপায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোচালক আব্দুল জলিল (৫৫), শহিদুল আলম (২৭), সুমাইয়া খাতুন (৪) ও সুফিয়া খাতুন। অটোচালক বাদে তিনজন রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আলেপের তেপথি এলাকায় জুলেখা পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশকোচ রায়গঞ্জের আলেপের তেপথি জুলেখো পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয়। একই পরিবারের তিনজনসহ মোট চারজন থাকা অটোরিকশাটিকে নৈশকোচটি চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় অটোচালক আব্দুল জলিল ও যাত্রী শিশু সুমাইয়া।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবা শহিদুল ইসলাম, মা শাহানাজ বেগম ও দাদী সুফিয়া খাতুনকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে। পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় শিশু সুমাইয়া খাতুনের বাবা শহিদুল ইসলাম ও দাদী সুফিয়া খাতুনের মৃত্যু হয়। নৈশকোচ রিজভী পরিবহনের চালক কুড়িগ্রাম শহরের পলাশবাড়ীর মকবুল হোসেন জানান, রাস্তার নির্মাণ কাজ চলায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাত্রীসহ বাসের পিছনের চাকার নিচে পড়ে যায়।

নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ ও একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। আর শাহানাজ বেগম চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।




পরিবহন মালিকদের খুশি করতে ভাড়া বাড়িয়েছে সরকার:জাসদ

সরকারের সঙ্গে যোগসাজশ করে পরিবহন মালিকরা পরিবহন ধর্মঘট শুরু করে। পরিবহন মালিকদের খুশি করতে সরকার লোক দেখানো বৈঠক করে অযৌক্তিকভাবে বাস-লঞ্চের বর্ধিত ভাড়া জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে।’ ‑ বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দলের ঢাকা মহানগরের উদ্যোগে ‘জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন নেতারা।

তারা বলেন, ‘অজুহাত নয় ভর্তুকি অব্যাহত রেখে জ্বালানিতে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাস-লঞ্চের বর্ধিত ভাড়া কমাতে হবে।’

জাসদ নেতারা বলেন, ‘করোনার পরে জীবনযাত্রা যখন স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখন হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সহ-সভাপতি, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।

সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।




বাম গণতান্ত্রিক জোটের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

০৮নভেম্বর, ২০২১ ইং,
২৯ কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনকালে বাধা দিয়েছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।

পরে নেতারা সেখানে সমাবেশ করে। এসময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন। এদিকে এই কর্মসূচি চলাকালে পল্টন, জিরোপয়েন্ট এলাকায় যানজটের সৃষ্টি হয়।




পরিবহণ ধর্মঘট বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা বৈঠক হঠাৎ স্থগিত

০৬নভেম্বর, ২০২১ ইং,
২৭ কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ,
জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে ভাড়া বাড়ানো দাবিতে সারা দেশে ধর্মঘট চালিয়েছেন পরিবহণ মালিক-শ্রমিকরা। বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ৪০ মিনিট আগে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

বিকাল ৫টা ২০ মিনিটে সভা স্থগিতের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।

জনসংযোগ কর্মকর্তা বলেন, আজকে (শনিবার) সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল। বিকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হতে থাকেন। এরমধ্যেই হঠাৎ সভা স্থগিতের কথা জানানো হয়।

এদিকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করার প্রতিবাদে শুক্রবার থেকে সারা দেশে ধর্মঘট শুরু করেছেন পরিবহণ মালিক-শ্রমিকরা। এতে দেশ কার্যত অবরুদ্ধ তাদের হাতে। সীমাহীন দুর্ভোগে পড়েছেন দেশের সাধারণ মানুষ।

বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে শনিবার দুপুর ১২টার দিকে তার ধানমণ্ডির সরকারি বাসভবনে বৈঠক হয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের।কিন্তু বৈঠকে কোনো সুরাহা হয়নি। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে বের হয়ে দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

বৈঠক শেষে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব সাংবাদিকদের বলেন, তেলের দাম প্রত্যাহারের দাবিতে চলা আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আবদুল মোতালেব বলেন, যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, তাই আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। হয় জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।




বাঞ্ছারামপুরে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নিহত ২

৩১অক্টোবর, ২০২১ ইং,
২১কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ
স্থানয়ি প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছন আরও ৮ জন। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ফরিদ মিয়া (৪৫) এবং বাঞ্ছারামপুরের সলিবাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ও একই উপজেলার হোসেনপুরের খুরশিদ মিয়ার ছেলে মাহাবুবুর রহমান জুয়েল (৩৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, যাত্রীবাহী স্পিডবোটটি ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাওয়ার পথে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, যাত্রীবাহী স্পিডবোটটি ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর দুইজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।




সুবিধা বঞ্চিত মানুষের পাশে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি

২৯অক্টোবর, ২০২১ ইং,
১৯ কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ
২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় কচি- কাচার মেলা মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে “সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন ঢাকা ০৫ এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ডাঃ মজিবর রহমান,সহযোগী অধ্যাপক ও ইনচারজ এন আই সি ইউ, মাতুয়াইল আই সি এম এইচ। এই আয়োজন থেকে উনি পেয়েছেন “শ্রেষ্ঠ চিকিৎসক” হিসাবে হিউম্যান রাইটস এওয়ার্ড।

সেরা গায়ক ও সংগীত পরিচালক এওয়ার্ড পেয়েছেন এপাড় বাংলা ওপাড় বাংলার প্রিয় শিল্পী এফ এ সুমন। সফল সমাজসেবক এডভোকেট আমিনুর রহমান, শক্তিশালী সফল সংগঠক ধলপুরের আরিফুর রহমান মাসুম, সেরা কমিশনার দোহার পৌরসভার রকিবুল হাসান রকিব, জনপ্রিয় সংগঠক আলী হোসেন নান্টু, সফল ব্যবসায়ী মাকসুদুর রহমান বাবু, এবং শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তা হিসাবে সম্মাননা পেয়েছেন ন্যাশনাল কনজুমার প্রডাক্ট এর ব্যবস্থানা পরিচালক মোজাম্মেল হোসেন জুয়েল।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সুমন চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন এম ইব্রাহিম পাটোয়ারী।
দিনবদল/জাকির