শিশু ধর্ষনের অভিযোগে কিশোরগঞ্জে জামায়াত নেতা আটক

ঢাকা

রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং
২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের লতিবাবাদ ইউনিয়ন থেকে ২নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ও জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। একটি শিশু নির্যাতনের ঘটনায় তিনি আত্মগোপনে ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।

​ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগ ওঠার পর নজরুল ইসলাম এলাকা থেকে পালিয়ে জঙ্গলে আত্মগোপন করেন। পরে স্থানীয় যুবকরা তাকে জঙ্গল থেকে খুঁজে বের করে ধরে নিয়ে আসে। পথিমধ্যে কয়েকজন বাধা প্রদান ও বাধা সৃষ্টির চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতা তাকে শেষ পর্যন্ত স্থানীয় মোড়ে নিয়ে এসে পুলিশের কাছে সোপর্দ করে।

​আটককৃত নজরুল ইসলাম লতিবাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও জামায়াত নেতা হিসেবে পরিচিত।

​এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ঢাকা

সোমবার

৩১ আগস্ট ২০২৬ ইং

১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

আগামী সেপ্টেম্বর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে না। সব ধরনের জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

সোমবার বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।

 

যে দামে বিক্রি হবে জ্বালানি তেল

 

সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

 

অর্থাৎ আগামী মাসে কোনো ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো বা কমানো হচ্ছে না।

 

আগস্টেও ছিল একই দাম

 

এর আগে জুলাই ও আগস্ট মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

 

সর্বশেষ জুন মাসের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়। এরপর জুলাই ও আগস্টে সেই দামই বহাল ছিল।

 

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়

 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

তবে সেপ্টেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের বর্তমান মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তারারদেশ নিউজ




হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, দেশে মোট মৃত ৯৬৭

ঢাকা

রোববার

৩০ আগস্ট ২০২৬ ইং

১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে।

 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন বরিশাল বিভাগের, একজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের।

 

হামের উপসর্গে মৃত্যু ৮৬৮ জনের

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে পরীক্ষায় নিশ্চিত হাম থেকে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৯৬৭ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক তথ্য দেওয়া হয়নি। রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে। তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে যেসব মৃত্যু ঘটে, সেগুলোকে হামের উপসর্গজনিত মৃত্যু হিসেবে গণনা করা হয়।

 

এক দিনে নতুন উপসর্গ ১,১৫১ জনের

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে।

 

একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩৬৫ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ২১৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

 

হাসপাতালে ভর্তি ১ লাখ ৩৭ হাজারের বেশি

 

হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩২ হাজার ২৯২ জন।

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের হওয়ায় ওই অঞ্চলের পরিস্থিতিও নজরে রাখার প্রয়োজন দেখা দিয়েছে।

 

শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত প্রাথমিক তথ্যের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এবারের হামের প্রাদুর্ভাবে শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি।

 

বিশেষ করে এক বছরের কম বয়সী শিশুদের মধ্যে টিকা না নেওয়ার প্রবণতা উদ্বেগজনক। গত এক বছরে হাম আক্রান্ত প্রায় ৫ হাজার শিশুর মধ্যে ৪ হাজারের বেশি শিশু হামের টিকার দুই ডোজের একটিও পায়নি। ১ থেকে ৪ বছর বয়সী আক্রান্ত শিশুদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক কোনো টিকা পায়নি।

 

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় শিশুদের টিকাদান কার্যক্রম আরও জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

তারারদেশ নিউজ




১৮৭ টাকায় সংসার চলে না, ৫০০ টাকা মজুরির দাবিতে ফটিকছড়িতে চা শ্রমিকদের বিক্ষোভ!

ঢাকা

শুক্রবার
২৮ আগষ্ট ২০২৬ ইং
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,

ফটিকছড়ি প্রতিনিধি: তারারদেশ নিউজ |

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে—এমন অভিযোগ তুলে দৈনিক ন্যূনতম ৫০০ টাকা মজুরি, ভূমির অধিকার ও নিয়মিত নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির বারমাসিয়া চা বাগানের শ্রমিকরা।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে বারমাসিয়া চা বাগানের কালিতলায় চা শ্রমিকদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগানের পঞ্চায়েত সভাপতি অপু কূর্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চা শ্রমিকদের জীবন-জীবিকা ও অধিকার নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা।

সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, চট্টগ্রাম ভ্যালী কমিটির সাবেক সভাপতি প্রদীপ দাশ, বাদল মুন্ডা, তপন কূর্মী, পরেশ মুন্ডা, সিন্ধু বালা কুর্মী, ললিতা কূর্মীসহ বিভিন্ন চা বাগানের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। চাল, ডাল, তেলসহ খাদ্যপণ্যের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানির খরচও বেড়েছে। এই পরিস্থিতিতে দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে চা শ্রমিকদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

তারা বলেন, চা শ্রমিকদের শ্রমে দেশের চা শিল্প এগিয়ে গেলেও শ্রমিকদের জীবনমান সেই তুলনায় উন্নত হয়নি। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

সমাবেশে বক্তারা চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাগানগুলোতে নিয়মিত ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের দাবি জানান। দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তা দূর করে চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে চা শ্রমিকরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বারমাসিয়া চা বাগানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

শ্রমিক নেতারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।




হাসপাতালে মজুত স্যালাইন না দেওয়ায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, রোগীর কেনা স্যালাইনের টাকা ফেরত

ঢাকা

রবিবার

২৩ আগস্ট ২০২৬ ইং

৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীকে হাসপাতালের মজুত থাকা স্যালাইন না দেওয়ার ঘটনা দেখতে পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নার্সের পরামর্শে বাইরে থেকে স্যালাইন কিনতে হওয়া এক রোগীর সেই খরচ নিজে পরিশোধ করেছেন তিনি। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর ঘুরে দেখার পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।

 

মজুত থাকা স্যালাইন বাইরে থেকে কেনানোর অভিযোগ

 

পরিদর্শনের সময় মন্ত্রীর নজরে আসে, হাসপাতালে প্রয়োজনীয় স্যালাইন মজুত থাকা সত্ত্বেও এক রোগীকে তা দেওয়া হয়নি। নার্সের পরামর্শে রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হয়।

 

ঘটনাটি জানার পর স্বাস্থ্যমন্ত্রী রোগীর কাছ থেকে স্যালাইন কেনার টাকা জেনে সেই অর্থ নিজেই পরিশোধ করেন। একই সঙ্গে বিনা মূল্যে সরবরাহযোগ্য স্যালাইন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বলার ঘটনায় সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

চিকিৎসকের দেরিতেও ব্যবস্থা

 

হাসপাতাল পরিদর্শনের সময় একজন চিকিৎসক ৪৫ মিনিট দেরিতে কর্মস্থলে আসেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব পালনে এমন অবহেলার অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

তবে রোগীদের কাছ থেকে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার বিষয়ে বেশির ভাগ প্রতিক্রিয়া সন্তোষজনক ছিল বলে জানান তিনি।

 

২৫০ শয্যার হাসপাতালে খাবার বরাদ্দ ১০০ শয্যার

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, নওগাঁ জেনারেল হাসপাতাল ২৫০ শয্যার হলেও বর্তমানে খাবারের বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ১০০ শয্যার বিপরীতে। এই অসামঞ্জস্য দূর করতে খাবারের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

প্রতি রোগীর জন্য খাবারের বরাদ্দ ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করার কথা জানান তিনি। এর মাধ্যমে রোগীদের খাবারের মানও উন্নত করার লক্ষ্য রয়েছে।

 

৯ হাজার ৫০০ জনবল নিয়োগের উদ্যোগ

 

স্বাস্থ্য খাতে জনবলসংকট মোকাবিলায় বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৯ হাজার ৫০০ নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০০ নার্স এবং ২ হাজার ৫০০ ফার্মাসিস্ট রয়েছেন। চিকিৎসকসহ অন্যান্য জনবলও এই নিয়োগের আওতায় থাকবে।

 

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার পরিধি বাড়ানো এবং রাজধানীকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার ওপর চাপ কমানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

 

জেলা পর্যায়ে বাড়বে ডায়ালাইসিস সুবিধা

 

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে জেলা ও মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

দেশের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০টি এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০টি ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে যন্ত্রপাতি কেনার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে জেলা পর্যায়ে এই সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

পরিকল্পনা অনুযায়ী, জেলা পর্যায়ের ৬০টি মেশিন তিন শিফটে পরিচালিত হলে প্রতিদিন প্রায় ১৮০ জন রোগী ডায়ালাইসিস সেবা পেতে পারেন। আগামী দুই বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ১০টি করে ডায়ালাইসিস বেড চালুর পরিকল্পনা রয়েছে।

 

উপজেলা হাসপাতাল হবে ১৫১ শয্যার

 

উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

 

প্রস্তাবিত নতুন কাঠামোয় প্রসূতিদের জন্য ২৫টি এবং শিশুদের জন্য ২০টি বিশেষ শয্যা থাকবে। পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক ফিজিওথেরাপি ওয়ার্ড, আধুনিক আলট্রাসাউন্ড ও উন্নত প্যাথলজি ল্যাবসহ নয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জবাবদিহি ফিরিয়ে আনার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সেবার মান ও পরিধি বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার।

 

তারারদেশ নিউজ




ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৮৩৯ রোগী

ঢাকা

রবিবার

২৩ আগস্ট ২০২৬ ইং

৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট  | তারারদেশ নিউজ:

 

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।

 

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে

 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। সেখানে নতুন রোগীর সংখ্যা ১৫৯ জন। এরপর ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৩৫ জন, বরিশালে ১১৭ জন এবং চট্টগ্রামে ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১, রংপুরে ২৩ এবং সিলেটে ৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৬ হাজার ৮৯৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৫১ জন।

 

ঢাকায়ও বাড়ছে আক্রান্তের সংখ্যা

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় মোট ১৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭৩ জন ভর্তি হয়েছেন।

 

চলতি বছর এখন পর্যন্ত সিটি করপোরেশন এলাকাগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৭২ জন। সিটি করপোরেশনের বাইরে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৯১ জন।

 

আক্রান্তদের বড় অংশ পুরুষ

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। মোট আক্রান্তদের ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।

 

তবে মৃত্যুর চিত্র কিছুটা ভিন্ন। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৮২ জনের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ নারী এবং ৪০ দশমিক ৭ শতাংশ পুরুষ।

 

২১ থেকে ৩০ বছর বয়সীদের আক্রান্ত হওয়ার হার বেশি

 

বয়সভিত্তিক হিসাবেও তরুণদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ থেকে ২৫ বছর বয়সী ৪ হাজার ১২২ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৪ হাজার ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ ২১ থেকে ৩০ বছর বয়সী আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৮৭ জন।

 

আগস্টেই সর্বোচ্চ রোগী শনাক্ত

 

মাসভিত্তিক পরিসংখ্যানে আগস্টে ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি বেড়েছে। চলতি আগস্টে এখন পর্যন্ত ১৩ হাজার ৬১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

 

এর আগে জুলাইয়ে আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২০৬ জন। ফলে আগস্টের সংক্রমণ ইতোমধ্যে বছরের অন্য যেকোনো মাসের তুলনায় বেশি।

 

ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা একসঙ্গে বাড়তে থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

 

তারারদেশ নিউজ




ঢাকায় ই-রিকশার জন্য ৮ জোন, জোনভেদে হবে আলাদা রং

ঢাকা

সোমবার

১৭ আগস্ট ২০২৬ ইং

২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশাকে নিয়ন্ত্রণে এনে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন ব্যবস্থাপনা কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা শহরকে আটটি জোনে ভাগ করা হবে এবং প্রতিটি জোনের ই-রিকশার জন্য নির্ধারণ করা হবে আলাদা রং।

 

এক জোনের ই-রিকশা যাতে অন্য জোনে প্রবেশ করতে না পারে, সে জন্য জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সোমবার সচিবালয়ে এক সভায় এসব তথ্য জানিয়েছেন।

 

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করলে মিলবে না নিবন্ধন

 

ই-রিকশা পরিচালনার জন্য পৃথক বিধিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। নতুন ব্যবস্থায় ই-রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

 

সৌরবিদ্যুৎ ছাড়া অন্য উৎস থেকে রিকশা চার্জ করা হলে সংশ্লিষ্ট যানকে নিবন্ধন দেওয়া বা নিবন্ধন নবায়ন করা হবে না। সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এই নিয়ম বাস্তবায়ন করবে।

 

ই-রিকশার নিবন্ধন সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে দেওয়ার পাশাপাশি এসব যানবাহনের জন্য ফিটনেস সনদের ব্যবস্থাও চালুর কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 

ঢাকার দুই সিটি করপোরেশনে চারটি করে জোন

 

রাজধানীর ই-রিকশা ব্যবস্থাপনায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পৃথক জোন নির্ধারণ করা হবে।

 

পরিকল্পনা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারটি, মোট আটটি জোন থাকবে। প্রতিটি জোনের ই-রিকশার জন্য থাকবে পৃথক রং।

 

এক এলাকার রিকশা অন্য এলাকায় ঢুকে পড়া ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার অংশ হিসেবে জিও-ফেন্সিং ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

 

সরকারি দপ্তরেও বাড়বে সৌরবিদ্যুতের ব্যবহার

 

একই সভায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম।

 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকেও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে। সংসদ ভবনে ইতোমধ্যে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

ই-রিকশার নিবন্ধন, ফিটনেস, জোনভিত্তিক চলাচল এবং সৌরবিদ্যুৎনির্ভর চার্জিং ব্যবস্থা কার্যকর হলে রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় এর প্রভাব কতটা পড়ে, এখন সেটিই দেখার বিষয়।

 

তারারদেশ নিউজ




শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

ঢাকা

রোববার

১৬ আগস্ট ২০২৬ ইং

১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে ১৫ জন আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্টের কর্মসূচি পালন করতে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন বলে পুলিশের দাবি।

 

শনিবার রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

 

পুলিশের ভাষ্য

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেত্রী উম্মে হাবিবার বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১৫ আগস্টের কর্মসূচি পালনের জন্য একত্র হয়েছেন।

 

এরপর সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক ইস্কান্দর মির্জা, বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম, নগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন।

 

পাঁচ নারী আইনজীবী জামিনে

 

রোববার বিকেলে গ্রেপ্তার ১৫ জনকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়।

 

শুনানি শেষে আদালত চার নারী আইনজীবী কামেলা খানম, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন ও আয়েশা হেভেনের জামিন মঞ্জুর করেন। বাকি আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের অধীনে হওয়ায় এর আইনগত প্রক্রিয়া এখন আদালতে এগোবে।

 

ঘটনাটি নিয়ে পুলিশের বক্তব্যের পাশাপাশি আসামিপক্ষের বক্তব্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে গ্রেপ্তারের কারণ ও মামলার বিষয়ে পুলিশ যে অভিযোগ করেছে, তার বিপরীতে আসামিপক্ষের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

তারারদেশ নিউজ




এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন

ঢাকা

সোমবার

১০ আগস্ট ২০২৬ ইং

২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। সর্বোচ্চ গ্রেড পয়েন্ট জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। একই সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনেও ফলাফল প্রকাশের ব্যবস্থা করা হয়। প্রায় ১৮ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটে এ ফল প্রকাশের মধ্য দিয়ে।

জিপিএ-৫-এ এগিয়ে ছাত্রীরা

এবার জিপিএ-৫ অর্জনকারীদের মধ্যে ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। অর্থাৎ ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী সর্বোচ্চ গ্রেড পেয়েছে।

গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে।

সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫%

শুধু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিবেচনায় নিলে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।

গত বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

এই নয়টি বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

তিন মাধ্যমে ফল দেখার সুযোগ

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারছেন। অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার পরিবর্তন এবার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে।




দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু

ঢাকা

শনিবার

৮ আগস্ট ২০২৬

২৪ শ্রাবণ ১৪৩৩

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ সংক্রান্ত জটিলতায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৬ জনের শরীরে হাম বা হামের উপসর্গ পাওয়া গেছে।

 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকি ৬৭৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

 

নতুন চার মৃত্যুর মধ্যে দুজন মারা গেছেন হাম শনাক্ত হওয়ার পর। অন্য দুজনের ক্ষেত্রে মৃত্যুর আগে হামের উপসর্গ ছিল। চারজনের মৃত্যুই ঢাকায় হয়েছে।

 

মার্চ থেকে মৃত্যুর সংখ্যা ৮৬৭

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৮ জনের মৃত্যু হয়েছে হাম শনাক্ত হওয়ার পর, আর ৭৬৯ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

 

একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৩৭২ জনে। এর মধ্যে ১৭ হাজার ৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৩৫ হাজার ৩৩২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

 

হাসপাতালে ভর্তি এক লাখের বেশি

 

হামের উপসর্গ নিয়ে গত কয়েক মাসে বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৪৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২০০ জন।

 

নতুন মৃত্যু ও আক্রান্তের এই পরিসংখ্যানের মধ্য দিয়ে দেশে চলমান হাম পরিস্থিতির ব্যাপ্তি আরও স্পষ্ট হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও পরিসংখ্যানের মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন পর্যবেক্ষণ করা হচ্ছে।