দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির তাগিদ রাষ্ট্রপতির

ঢাকা

বৃহস্পতিবার

৮ অক্টোবর ২০২৬ ইং

২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উচ্চশিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের বিভিন্ন খাতে কাজ করার উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করা।

 

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

 

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কার্যক্রম ও গবেষণা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রতিনিধিদলের সদস্যরা।

 

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমানোর প্রশ্ন

 

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। এরপরও দেশের কৌশলগত স্থাপনা, বন্দর, বিশেষায়িত প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানি পরিচালনায় কেন বিদেশি কর্মী প্রয়োজন হচ্ছে, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার।

 

এ ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনভিত্তিক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও গুরুত্ব দিতে হবে।

 

গবেষণা ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব

 

ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট অধিকার অর্জন ও বাণিজ্যিকীকরণে সহায়তার জন্য নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে।

 

এ ছাড়া গবেষণা, প্রোডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে।

 

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে ডিআইইউর আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন।

 

তারারদেশ নিউজ




সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা

বুধবার

৭ অক্টোবর ২০২৬ ইং

২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা ও সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিচয় কোনোভাবেই মানুষের অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়।

 

সনাতন ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়

 

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সনাতন ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

সভায় প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

 

দুর্গাপূজার ছুটি ও অনুদানে কৃতজ্ঞতা

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়ানোয় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

 

প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায় এবং কঠিন চীবর দান উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান।

 

দুই সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে বরাদ্দ

 

সভা শেষে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে ৩ কোটি টাকা বরাদ্দের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

 

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট ট্রাস্ট ও জেলা প্রশাসনের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

 

প্রধানমন্ত্রী একই সঙ্গে দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

তারারদেশ নিউজ




বাংলাদেশে জার্মান বিনিয়োগে আগ্রহ বাড়ছে: রাষ্ট্রদূত

ঢাকা

বুধবার

৭ অক্টোবর ২০২৬ ইং

২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। একই সঙ্গে বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোর বিনিয়োগে আগ্রহ বাড়ছে বলেও জানিয়েছেন তিনি।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

 

বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা

 

সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সংস্কৃতি এবং অভিবাসন ও জনশক্তি চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

 

হুমায়ুন কবির বাংলাদেশের সঙ্গে জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার প্রশংসা করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশ-ইইউ অংশীদারত্ব জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

 

বিনিয়োগ পরিবেশে আগ্রহ বাড়ছে

 

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানো, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেন।

 

তিনি বাংলাদেশের নির্বাচন-পরবর্তী স্থিতিশীলতার বিষয়টি উল্লেখ করে বলেন, দেশের বিনিয়োগবান্ধব পরিবেশে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বাড়ছে।

 

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক আরও এগিয়ে নিতে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

 

তারারদেশ নিউজ




তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা

মঙ্গলবার

৬ অক্টোবর ২০২৬ ইং

২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

সব পক্ষের মতামত নিয়ে এমন একটি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রণয়নের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যা বিতর্কের ঊর্ধ্বে থাকবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে, কারা এতে থাকবেন এবং কোন প্রক্রিয়ায় এটি পরিচালিত হবে, তা সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

 

সংবিধান সংশোধন কমিটির বৈঠক

 

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হবে

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটি বিল আনার প্রস্তুতি চলছে। এ বিষয়ে এখন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত চাওয়া হচ্ছে। পাশাপাশি আইনজীবী, বিচারক, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।

 

জুলাই আন্দোলনের প্রতিনিধিদের দাবিও উত্থাপন

 

বৈঠকে জুলাইয়ের শহীদ ও আহতদের প্রতিনিধিরাও অংশ নেন। তাদের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের সুরক্ষা এবং আন্দোলনকেন্দ্রিক হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

 

বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং সাকিলা ফারজানাসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ




শিক্ষার মান ধরে রেখে সুবিধাবঞ্চিতদের পাশে থাকার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা

মঙ্গলবার

৬ অক্টোবর ২০২৬ ইং

২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ

 

মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রধান উপদেষ্টা ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

 

সাক্ষাতে অধ্যাপক ফরাসউদ্দিন বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

শিক্ষার মান ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের গুরুত্ব

 

এ সময় রাষ্ট্রপতি সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবর্তনে আমন্ত্রণ

 

সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

 

সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব ছাড়াও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ




২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর হতে পারে চার দিনের

ঢাকা

মঙ্গলবার

৬ অক্টোবর ২০২৬ ইং

২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

দ্বিপক্ষীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠেয় এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

চার দিনের সফরের সম্ভাবনা

 

ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি গত মাসেই চূড়ান্ত হয়েছে। সফরটি চার দিনের হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

 

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

জাপানের সম্রাটের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

 

কূটনৈতিক সূত্র জানিয়েছে, টোকিও সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সম্রাট নারুহিতোর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

 

বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিতে গুরুত্ব

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সফরে জাপানে বাংলাদেশের বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন এবং জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

 

তারারদেশ নিউজ




শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা

সোমবার

৫ অক্টোবর ২০২৬ ইং

২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজে শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তিও বাড়ে।

 

বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্য

 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে দেশের প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, পারিবারিক পাঠশালার গণ্ডি পেরোনোর পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক-শিক্ষিকারাই আদর্শ রোল মডেল। শিক্ষকেরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের সামনে নিজেদের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন, সে অনুযায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

আধুনিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার

 

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রথাগত শিক্ষাপদ্ধতির পাশাপাশি কারিগরি ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব বেড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শিক্ষার সিলেবাস আধুনিকায়নের পাশাপাশি মুখস্থনির্ভরতার পরিবর্তে শিক্ষার্থীদের ‘কেন’ ও ‘কীভাবে’ প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

 

এ ছাড়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বই চালুর কথা জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও এ ধরনের বই দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

 

প্রযুক্তিকে শিক্ষকের বিকল্প নয়, বরং শিক্ষকের শক্তি হিসেবে ব্যবহারের কথা উল্লেখ করে তিনি ‘একজন শিক্ষক, একটি ট্যাব’ কর্মসূচি এগিয়ে নেওয়ার কথা বলেন। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ফ্রি ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের কথাও জানান।

 

শিক্ষায় সমান সুযোগ নিশ্চিতের লক্ষ্য

 

শিক্ষার সুযোগের ক্ষেত্রে শহর ও গ্রামের পার্থক্য কমিয়ে সব অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষ শিক্ষক ও আধুনিক প্রযুক্তির সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, শিক্ষা সংস্কারে সরকারের লক্ষ্য হলো সমান সুযোগ, মানসম্মত শিক্ষা এবং বৈষম্যহীন প্রবেশাধিকার। কর্মমুখী শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনকেও শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

 

শিক্ষকদের আর্থিক নিরাপত্তায় গুরুত্ব

 

শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষকতা পেশাকে আরও সম্মানজনক ও আকর্ষণীয় করে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, মেধাবী মানুষদের শিক্ষকতা পেশাকে প্রথম অগ্রাধিকার দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানো হচ্ছে।

 

এ ছাড়া শিক্ষকদের বেতন ও অবসরভাতার অর্থ যথাসময়ে ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

জাতীয় দিবসে শিক্ষকদের আমন্ত্রণ

 

প্রধানমন্ত্রী জানান, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রিতদের তালিকায় চলতি বছর থেকে নীতিমালার ভিত্তিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত একজন করে শিক্ষককে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, একজন শিক্ষক কর্মরত থাকুন কিংবা অবসর জীবন কাটান—তাঁর পেশাগত মর্যাদার কারণে আমৃত্যু রাষ্ট্রের কাছে সম্মাননীয়।

 

তারারদেশ নিউজ




কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানোর নির্দেশ

ঢাকা

রবিবার

৪ অক্টোবর ২০২৬ ইং

১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

কার্গো রপ্তানির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আয় বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে রেলখাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

 

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটির কক্ষে কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগরের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলের আয় বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

 

বৈঠকে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর মাধ্যমে রেলের আয় বৃদ্ধির জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির সুযোগ কাজে লাগিয়ে রেলের আয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

রেল মন্ত্রণালয়ের কার্যক্রম উপস্থাপন

 

বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। রেল পরিদর্শন অধিদপ্তর, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রেলপথ মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর অগ্রগতি তুলে ধরা হয়।

 

এ ছাড়া রেলের বিদ্যমান ডিজিটাল সেবা, নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বৃদ্ধির উদ্যোগ, ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ এবং প্রস্তাবিত পঞ্চগড়-কক্সবাজার রেলপথের অগ্রগতি সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

 

মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের শহীদদের স্মরণ

 

বৈঠকের শুরুতে সভাপতি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুলাইযোদ্ধাদের স্মরণ করা হয়। আহতদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয়।

 

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

 

তারারদেশ নিউজ




পরিকল্পিত নগরায়নে দেশের সব জেলা ও সিটি করপোরেশনে মাস্টারপ্ল্যান

ঢাকা

রবিবার

৪ অক্টোবর ২০২৬ ইং

১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

 

বিশ্ব বসতি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

 

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’। প্রধানমন্ত্রী বলেন, দ্রুত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান আবাসন চাহিদার প্রেক্ষাপটে এ প্রতিপাদ্য সময়োপযোগী।

 

তিনি বলেন, নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ন সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে আবাসন, নগর পরিকল্পনা, নাগরিক সেবা, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতাকে সমন্বিত করে দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়ন করা হচ্ছে।

 

নিম্ন আয়ের মানুষের আবাসনে অগ্রাধিকার

 

প্রধানমন্ত্রী বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিতকরণ এবং সুষম নগর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বস্তিবাসীদের দীর্ঘদিনের আবাসনের মালিকানা অর্জনের সুযোগ সৃষ্টি এবং সমন্বিত পানি ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রতিশ্রুতিও সরকারের নির্বাচনী ইশতেহারে রয়েছে বলে জানান তিনি।

 

তিনি আরও বলেন, ‘সবার জন্য বাসস্থান’ বলতে শুধু একটি ঘরের নিশ্চয়তা নয়; নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় নাগরিক সেবার সমন্বিত নিশ্চয়তাকেও বোঝানো হচ্ছে।

 

ছয় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ

 

প্রধানমন্ত্রী জানান, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে পরিকল্পিত ও সুষম নগর উন্নয়নের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা হচ্ছে।

 

তাঁর মতে, এসব উদ্যোগ নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তুলতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১১ অর্জনে ভূমিকা রাখবে।

 

সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান

 

টেকসই আবাসন ও নগরায়ন নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগকারী, স্থানীয় জনগোষ্ঠী, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।

 

বিশেষ করে নিম্ন আয়ের মানুষের আবাসন, বস্তি উন্নয়ন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

 

পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে মানবিক, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করে বিশ্ব বসতি দিবস-২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

 

তারারদেশ নিউজ




কিশোর গ্যাং দমনে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব চিফ হুইপের

ঢাকা

শুক্রবার

২ অক্টোবর ২০২৬ ইং

১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক

 

শুক্রবার (২ অক্টোবর) তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।

 

নূরুল ইসলাম মনি বলেন, কিশোরদের স্কুলে গিয়ে পড়াশোনা ও কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার মাধ্যমে দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাদের অস্ত্র বা চাপাতি নিয়ে ঘোরার পরিবর্তে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

 

পরিবার-সমাজ-রাষ্ট্রকে একসঙ্গে কাজের আহ্বান

 

কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান চিফ হুইপ। তাঁর মতে, এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলনের সমন্বয় প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারের বিষয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

 

সরকারের বিরুদ্ধে দায় চাপানো নিয়ে মন্তব্য

 

সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সরকার স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে কঠোর বার্তা দিতে চায়।

 

সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে কাঙ্ক্ষিত সুফল পেতে যৌক্তিক সময় প্রয়োজন। সরকার ব্যর্থ হলে সেই দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

কৃত্রিম সংকট তৈরির অভিযোগ

 

বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে দাবি করেন নূরুল ইসলাম মনি। এসব পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

 

তারারদেশ নিউজ