তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

0
IMG_20261013_223046_097
image_pdfimage_print

ঢাকা

মঙ্গলবার

১৩ অক্টোবর ২০২৬ ইং

২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:

 

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস সরকার। পাশাপাশি বাণিজ্য, পানিসম্পদ ব্যবস্থাপনা, জ্বালানি, কৃষি ও মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

 

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেদারল্যান্ডসের মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

নেদারল্যান্ডসের মন্ত্রী বলেন, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে। পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নকে সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র হিসেবে তুলে ধরেন তিনি।

 

তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা

 

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডসের আগ্রহকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। তাই অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার প্রতিও আগ্রহ প্রকাশ করেন তিনি।

 

পানিসম্পদ ব্যবস্থাপনা, চর উন্নয়ন, ভূমি পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী নদীব্যবস্থাপনায় জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

 

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

 

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

 

বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি সম্পর্কে জানতে চান নেদারল্যান্ডসের মন্ত্রী। এ সময় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক পরিকল্পনার প্রশংসা করেন তিনি।

 

রোহিঙ্গা প্রত্যাবাসন ও কৃষিতে সহযোগিতা

 

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় বলে বৈঠকে জানানো হয়।

 

এ ছাড়া নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

 

মানবাধিকার সুরক্ষায় অঙ্গীকার

 

বৈঠকে গণতন্ত্র সুসংহত করা ও মানবাধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে বিএনপি রাজনৈতিক দল হিসেবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে সরকার দেশে মানবাধিকার সুরক্ষা ও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

বৈঠকের শেষ পর্যায়ে নেদারল্যান্ডসের মন্ত্রী প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *