সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারামুক্ত
ঢাকা
বুধবার,
১৯ আগস্ট ২০২৬ ইং,
০৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ,
সাজ্জাদ মাহমুদ | তারারদেশ নিউজ :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছে কারা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র।
হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের পর তার মুক্তির পথ তৈরি হয়।
এর আগে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৮ জুলাই তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নাকচ করলে উচ্চ আদালতের শরণাপন্ন হন সাবেক এই প্রধান বিচারপতি।
গত ৯ আগস্ট হাইকোর্টে জামিনের আবেদন করেন এ বি এম খায়রুল হক। শুনানি শেষে পরদিন ১০ আগস্ট আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেন। এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বুধবার কারাগার থেকে মুক্তি পান তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন। সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় তাদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলাতেই পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়।
-
উল্লেখ্য, পৃথক আরও আটটি মামলায় জামিন পাওয়ার পরও বনানী থানার এই মামলার কারণে তার কারামুক্তি বিলম্বিত হয়েছিল।


