চা-শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট, জনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬ ইং
৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিমুল মাহমুদ | তারারদেশ নিউজ:
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে বড় বড় সমস্যারও সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিন জেলায় পাবেন ২০ হাজার চা-শ্রমিক
কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানে কর্মরত শ্রমিকদের মধ্যে এসব রেইনকোট বিতরণ করা হবে।
এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।
অনুষ্ঠানের শুরুতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাঁদের সঙ্গে কথা বলেন এবং শ্রমিকদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
সরকারি উদ্যোগের সঙ্গে বেসরকারি অংশগ্রহণ
প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে সামান্য করে অবদান রাখলেও বড় ধরনের সামাজিক সমস্যার মোকাবিলা করা সম্ভব। জনকল্যাণে কাজ করতে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর পাশে সরকার থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে নেওয়া এই কর্মসূচির লক্ষ্য চা-শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা ও কর্মপরিবেশের কিছুটা উন্নতি করা।
সিএসআরের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা
অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শ্রমজীবী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে কাজ করাও করপোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ।
সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান এবং নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে কাজ করার আগ্রহের কথা জানান তাঁরা।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রেইনকোট গ্রহণের সময় শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন।
তারারদেশ নিউজ


