জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর লাগতে পারে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

0
IMG_20260818_184857_731
image_pdfimage_print

ঢাকা

মঙ্গলবার

১৮ আগস্ট ২০২৬ ইং

৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

 

ডেস্ক রিপোর্ট | তারারদেশ নিউজ:

 

দেশের চলমান জ্বালানি সংকট দ্রুত পুরোপুরি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর মতে, জ্বালানি খাতে পরিস্থিতি ভালো বা অনেকটা ভালো অবস্থায় নিতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হতে পারে।

 

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

‘রাতারাতি সব করে ফেলব’ এমন প্রতিশ্রুতি নেই

 

জাহেদ উর রহমান বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নের পর সুফল পেতে সময় প্রয়োজন।

 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে, কিন্তু রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না। জ্বালানি খাতে উল্লেখযোগ্য উন্নতি আনতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

 

গ্যাস সরবরাহে বড় ঘাটতির আশঙ্কা

 

সাম্প্রতিক দুর্ঘটনার কারণে বন্ধ থাকা দুটি প্ল্যান্ট পুনরায় চালু হলেও গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে প্রায় ১০০ কোটি ঘনফুট ঘাটতি থেকে যেতে পারে বলে জানান উপদেষ্টা।

 

তাঁর ভাষ্য, এই ঘাটতি হঠাৎ তৈরি হয়নি। দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সঙ্গে সাম্প্রতিক দুর্ঘটনা যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

 

নতুন প্ল্যান্ট, এলএনজি ও গ্যাস অনুসন্ধান

 

সংকট মোকাবিলায় সরকার দ্রুত একটি গ্যাসিফিকেশন প্ল্যান্টের অর্ডার দিয়েছে। পাশাপাশি ব্যাকআপ হিসেবে আরও দুটি প্ল্যান্ট আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

এ ছাড়া এলএনজি আমদানি, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনা এবং দেশের স্থলভাগে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

 

জাহেদ উর রহমান বলেন, জরিপে দেশের স্থলভাগে ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা পাওয়া গেছে। ইতিমধ্যে দুটি নতুন রিগ কেনা হয়েছে এবং পুরোনো রিগগুলোও সক্রিয় রাখার চেষ্টা চলছে। কয়লা নিয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

 

সৌরবিদ্যুতের ওপর বাড়তি গুরুত্ব

 

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার কারণে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা।

 

মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে জ্বালানি পরিবহনে সম্ভাব্য বিঘ্ন পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে তিনি সতর্ক করেন।

 

এই বাস্তবতায় দ্রুত বাস্তবায়নযোগ্য বিকল্প হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারি প্রতিটি স্থাপনায় সৌরবিদ্যুৎ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে উৎসাহিত করা হচ্ছে।

 

বিরোধীদের সংসদে সমালোচনার আহ্বান

 

সরকারের সমালোচনা করা বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক অধিকার বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান। তবে অপ্রয়োজনীয় বা অযৌক্তিক কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে জনগণ তা প্রত্যাখ্যান করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

 

আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরার জন্য সংসদই বিরোধী দলের সবচেয়ে কার্যকর জায়গা। সেখানে যুক্তি ও বিশ্বাসযোগ্য পরামর্শের মাধ্যমে সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা সম্ভব।

 

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তারারদেশ নিউজ

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *