রামগঞ্জে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে খাবার বিতরণ, যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
Close up of male hands in bracelets behind back
ঢাকা
শনিবার
১৫ আগস্ট ২০২৬ ইং
৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ডেস্ক রিপোর্ট| তারারদেশ নিউজ:
লক্ষ্মীপুরের রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং অন্যজন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় কয়েকজন শিশু ও নারীর মধ্যে খাবার বিতরণ করা হয়। কর্মসূচির একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদুল হাসান (৪২), মোরশেদুল আমিন (৩৫), পারভেজ হোসেন (২৪), ফয়সাল হোসেন (৩১) ও মো. মুরাদ (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, রাশেদুল হাসান রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। মোরশেদুল আমিন রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
আগে থেকেই মামলা ছিল
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আগে থেকেই সন্ত্রাস দমন আইনে একটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, খাবার বিতরণের কর্মসূচির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তাঁদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
তারারদেশ নিউজ


